মাদারগঞ্জে বিদ্যালয়ের নামে সরকারি বরাদ্দ আত্মসাৎ
জামালপুরের মাদারগঞ্জে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে টিআর ও কাবিখা প্রকল্পের ১০ মেট্রিক টন চাল, গম ও আড়াই লাখ টাকা তুলে উপজেলা আওয়ামী লীগের এক নেতা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্র জানায়, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান ২০০৯ সালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ইলশামারী গ্রামে ‘ইলশামারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এ জন্য তাঁর নামেই ইলশামারী হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন স্থানে ৩৩ শতাংশ জমি কেনা হয়। ওই সময় বিদ্যালয়ের জন্য প্রায় ৪০ ফুট লম্বা টিনের দোচালা ঘর তোলা হয়।বিদ্যালয় প্রতিষ্ঠার সময় পাঁচ সদস্যের একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি করা হয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেনকে।মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের হিসাব অনুযায়ী, ওই বিদ্যালয়ের উন্নয়নের নামে ২০০৯-১০ অর্থবছরের মার্চে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের ছয় মেট্রিক টন চাল এবং একই অর্থবছরের জুনে টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের চার মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। ২০১০-১১ অর্থবছরের ফেব্রুয়ারিতে কাবিখা প্রকল্পের নগদ দুই লাখ টাকা ও জুনে টিআর প্রকল্পের নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের সাংগঠনিক কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন ওই চাল, গম ও টাকা পুরোটাই আত্মসাৎ করেছেন। তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে মো. মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি একটি টাকাও আত্মসাৎ করিনি। বরাদ্দের অর্থ দিয়ে বিদ্যালয় মাঠে মাটি ভরাট করার পর প্রায় ৪০ ফুট লম্বা দোচালা একটি টিনের ঘর তোলা হয়েছে। ১০টি বেঞ্চও তৈরি করা হয়েছে।’বিদ্যালয়ের জমিদাতা ও সাংগঠনিক কমিটির সদস্য মো. আবদুস ছাত্তার মণ্ডল বলেন, ‘স্কুলের ঘর ২০০৯ সালের শেষ দিকে নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের ঘর ওঠানোর বেশ কিছু দিন পর স্কুলের নামে চার টন গম বরাদ্দ পেয়েছি। বাকি চাল, গম, নগদ টাকা বরাদ্দের কথা আমাকে জানানো হয়নি।’ সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টির টিনের দোচালা ঘরের চারটি কক্ষের মধ্যে তিনটিতে তিন-চারটি করে বেঞ্চ এলোমেলোভাবে পড়ে আছে। এর কোনো দরজা-জানালা নেই। টাঙানো হয়নি কোনো সাইনবোর্ড।স্থানীয় বাসিন্দা রমিজ উদ্দিন, আতাউর রহমানসহ কয়েকজন জানান, ওই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজন রয়েছে। ইলশামারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ঘরটি তোলা হলেও কেন বিদ্যালয়ের কার্যক্রম চালু হচ্ছে না, তা তাঁরা জানেন না। বর্তমানে স্থানীয় কতিপয় ব্যক্তি বিদ্যালয়ের কক্ষগুলো দখল করে নিজেদের কাজে ব্যবহার করছেন।মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের নাম ব্যবহার করে কেউ সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ করলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।