মাদারগঞ্জে ব্যবসায়ীর মৃত্যু, হামলার অভিযোগ
বাইসাইকেল থেকে পড়ে আবদুল হক (৪৫) নামের একজন ব্যবসায়ী মারা গেছেন বলে জানা গেছে। তবে, পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁর ওপর হামলা হয়েছে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের মোসলেমাবাদ বাজারের পূর্ব পাশে পাকা রাস্তায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা বলেন, আবদুল হক রাস্তার মধ্যে পড়ে পানি পানি করে ছটফট করছিলেন। এ সময় তাঁকে পানি পান করানো হয়। এর পরই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত আবদুল হকের ভাগনে মো. শাহাজামাল বলেন, তিনি জামালপুর সদর উপজেলার ভাটারা বাজারে ডিমের ব্যবসা করতেন। গতকাল ডিম বিক্রি করে বাড়ি ফিরছিলেন। ওই সময় চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিজলের নেতৃত্বে সাত-আটজন পথে তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যান।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে তাঁকে খুন করা হয়েছে, নাকি তিনি দুর্ঘটনায় মারা গেছেন।