মাদারগঞ্জে যুবক ও কুলাউড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার নয় দিন পর গতকাল শুক্রবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝাড়কাটা গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের ছয় দিন পর গতকাল সেপটিক ট্যাংক থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন মাদারগঞ্জ উপজেলার ঝাড়কাটা গ্রামের দৌলতুজ্জামান তালুকদারের ছেলে আনিছুর রহমান (২৮) ও কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের মব উল্লাহ (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩১ আগস্ট রাতে আনিছুর রহমান বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও স্বজনেরা তাঁর কোনো সন্ধান পায়নি। একদল দুর্বৃত্ত তাঁকে হত্যা করে লাশ উপজেলার ঝাড়কাটা গ্রামের একটি পরিত্যক্ত কৃষিজমিতে পুঁতে রেখেছিল। গতকাল বিকেলে ওই জমির মালিক ট্রাক্টর দিয়ে চাষ করার সময় লাশটি বের হয়ে আসে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, নয় দিন ধরে আনিছুর নিখোঁজ থাকলেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। আজ লাশ পাওয়ার পর নিহতের বড় ভাই আনোয়ার হোসেন লাশটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানা যায়নি। তবে তদন্তের পর জানা যাবে হত্যাকাণ্ডের রহস্য। থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালের দিকে মব উল্লাহ নিখোঁজ হন। গতকাল সকালের দিকে প্রতিবেশীরা তাঁর বাড়ির পেছনের শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পান। এতে সন্দেহ হওয়ায় তাঁরা বিষয়টি পুলিশকে জানান। বিকেল চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভেতর থেকে মব উল্লাহর লাশ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ তাঁর স্ত্রী হোসনে আরা, মেয়ে আফিয়া বেগম, আফিয়ার স্বামী হারিছ মিয়া ও পুত্রবধূ শারমিন বেগমকে আটক করেছে।

তবে মবের দুই ছেলে আলাউদ্দিন ও মইন উদ্দিনকে এ সময় বাড়িতে পাওয়া যায়নি। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষণ রায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুঠোফোনে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে মবের সঙ্গে স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে ট্যাংকে লাশ ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।