মাদারগঞ্জে লোডশেডিং, গরমে অতিষ্ঠ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জে মাত্রাতিরিক্ত লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে তিন-চার ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। এতে প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে লাখো মানুষ। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসা করায় টিভি, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা।

মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যুৎবিভ্রাটের কারণে বৈদ্যুতিক পাখা চালানো যাচ্ছে না। তাই এই গরমে তাঁদের স্বস্তি পাওয়ার সুযোগও নেই। বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে পানিও থাকছে না। এই অবস্থায় অনেকের মুঠোফোনেও চার্জ দেওয়া যাচ্ছে না। বিদ্যুচ্চালিত পাম্প চালাতে না পারায় আমন ধানের খেতে সেচ দিতে পারছেন না কৃষক। দুই মাস ধরে এই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মাদারগঞ্জ উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় পল্লী বিদ্যুতের প্রায় ১৫ হাজার গ্রাহক রয়েছেন। এখানে বিদ্যুতের চাহিদা ৮ মেগাওয়াট। কিন্তু গত জুলাই মাস থেকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র আড়াই মেগাওয়াট। ফলে নিরুপায় হয়ে লোডশেডিং করতে হচ্ছে।

মাদারগঞ্জ উপজেলার ভেলামারী গ্রামের মোহাম্মদ আবুল হাসেম প্রথম আলোকে বলেন, ‘দিন ও রাতে একটানা ৩০ মিনিটও বিদ্যুৎ থাকে না। প্রচণ্ড গরমে দুই মাস ধরে রাতে নির্ঘুম থাকতে হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ধীরে ধীরে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে উঠছে। যেকোনো সময় পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও করে কর্মসূচিও দেওয়ার চিন্তাভাবনা চলছে।

ভাংবাড়ী গ্রামের বাসিন্দা আবদুল হাকিম বলেন, বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় জরুরি প্রয়োজনে ইলেকট্রনিকস সামগ্রী ব্যবহার করা যাচ্ছে না। ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। বিদ্যুৎ না থাকায় পুরো উপজেলায় ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়।

জোড়খালী গ্রামের কৃষক ইদ্রিস আলী বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে রোপা আমন ধান লাগিয়েছি খেতে। খরার কারণে ধানের খেতে এখন পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিদ্যুতের অভাবে সেচপাম্প চালানো যাচ্ছে না। ফলে ধানখেতে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে পারছেন না কৃষক। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান না হলে ধানগাছ মরে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পবিসের মাদারগঞ্জ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গ্রাহকদের মতো আমরাও বেকায়দায় রয়েছি। বিদ্যুৎ না পেয়ে প্রায়ই গ্রাহকেরা ফোন করে গালিগালাজ করছেন। বিদ্যুতের এই সমস্যার কারণে কার্যালয়ে হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ তিনি আরও জানান, জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। এতে এই সমস্যার সৃষ্টি হয়েছে। কত দিনের মধ্যে এই সমস্যা সমাধান হবে তা তিনি জানেন না।