মাদারগঞ্জে শিশুকে শ্বাসরোধে হত্যা আটক এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরনগর গ্রাম থেকে পুলিশ বৃহস্পতিবার রাতে মোস্তাকিন (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক কিশোরকে (১৪) গতকাল শুক্রবার আটক করা হয়েছে। আটক হওয়া কিশোর তার বাবা-মাসহ চরনগর গ্রামের একটি বাড়িতে ভাড়ায় থাকে। তাদের বাড়ি মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি বাজারে।শিশুটির পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মোস্তাকিন বাড়ির বাইরে বের হলে তাকে চকলেট দেওয়ার কথা বলে ডেকে নেয় ওই কিশোর। এরপর সে শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশের রাস্তাসংলগ্ন একটি পাটখেতে নিয়ে যায়। ওই কিশোর প্রথমে শিশুটিকে যৌন নির্যাতন করে। পরে সে শ্বাসরোধে তাকে হত্যা করে। মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রামপদ মণ্ডল জানান, শিশুটিকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনে শিশুটির মুখ ফোলা পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুপুরে ওই কিশোরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও জানা যাবে।