মাদারগঞ্জে শুক্রবার প্রথম আলো পাননি পাঠকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গত শুক্রবার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রথম আলোর সব কপি কিনে নেন। ফলে ওই দিন উপজেলার পাঠকেরা প্রথম আলো পাননি।
স্থানীয় পত্রিকা পরিবেশক ও এলাকার কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার কড়ইতলা ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমান স্কুলপড়ুয়া একটি মেয়েকে (১৫) বিয়ে করেছেন। এ খবর শুক্রবার প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়। এ কারণে ওই দিন রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদরে পত্রিকা পৌঁছানোর সঙ্গে সঙ্গে মুখলেছুর রহমান পত্রিকা পরিবেশক দুলাল মিয়ার কাছ থেকে প্রথম আলোর সব কপি কিনে নেন।
দুলাল মিয়া জানান, মুখলেছুর রহমান প্রথম আলোর সব কপি কিনে নেওয়ায় কাউকে পত্রিকা দিতে পারেননি।
এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমান বলেন, ‘সব পত্রিকা কিনে নিয়েছি তাতে আপনার কী।’