মাদারগঞ্জে সংখ্যালঘু পরিবারে নির্যাতনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জে সিধুলি ইউনিয়নের রায়গঞ্জ কালীবাড়ি এলাকায় গত বুধবার সংখ্যালঘু সম্প্রদায়ের পাঁচটি পরিবারের সদস্যদের নির্যাতন ও লুটপাটের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মাদারগঞ্জ থানায় মামলা হয়েছে। জানা গেছে, ঘটনার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সুপারের নির্দেশে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমানকে জামালপুর পুলিশ লাইনে প্রত্যাহার এবং উপপরিদর্শক মমতাজুর রহমান ও সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলের পাশেই পুলিশের অস্থায়ী একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। ঘটনার পর থেকে সংখ্যালঘু পাঁচ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নারায়ণ রুদ্র পাল বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সিধুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়াকে প্রধান আসামি করে ৮৩ জনের নামে এবং অজ্ঞাত আরও দুই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল আজিজ, মনজুরুল ইসলাম, ফরহাদ আলী, মো. জিন্নাহ, তিল্লাল হোসেন, হাফিজুল ইসলাম, রেহান আলী, সলিম উদ্দিন, আবদুস সালাম চৌধুরী, আবদুর রশিদসহ ১১ জনকে আটক করা হয়।মানববন্ধন, পুনর্বাসনের দাবি: মাদারগঞ্জে সংখ্যালঘু পাল সমপ্রদায়ের ওপর হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাট ও মন্দিরে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার সকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল।এ সময় জামালপুর পৌরসভার মেয়র শাহ মো. ওয়ারেছ আলী, দুর্গাবাড়ি মন্দির পরিচালনা পরিষদের সভাপতি প্রদীপ কান্তি মজুমদার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কান্তি ভদ্র ও সহসাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জেলা শাখার সভাপতি আমির উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সংগীত প্রশিক্ষক অমল চন্দ্র পাল, চন্দন দত্ত, রাজন সাহা প্রমুখ বক্তব্য দেন। সকাল ১০টা থেকে এক ঘণ্টা স্থায়ী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।