মাদারগঞ্জে সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গত শনিবার একটি সড়ক, একটি সেতু ও একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
দলীয় সূত্র জানায়, মাদারগঞ্জ-সারিয়াকান্দি সংযোগ সড়ক, পৌর এলাকার চাঁদপুর খালের ওপর ১১০ মিটার দীর্ঘ সেতু ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী ওই দিন এক জনসভায় বক্তব্য দেন। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ওই জনসভা বালিজুড়ি এস এম সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সাংসদ ও সরকারদলীয় হুইপ মির্জা আজম, সাংসদ মো. আবদুল মান্নান প্রমুখ।
সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান বলেন, ওই সড়কের জন্য আট কোটি ৭০ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, সেতুর জন্য পাঁচ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ৭৯০ টাকা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য দুই কোটি ২৪ লাখ ৯১ হাজার ১০৯ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।