মাদারগঞ্জে সহকারী শিক্ষা কর্মকর্তার চারটি পদ শূন্য
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সহকারী থানা শিক্ষা কর্মকর্তার (এটিইও) ছয়টি পদের চারটি সাত মাস ধরে শূন্য। এতে বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের তদারকিসহ নানা কার্যক্রম ব্যাহত হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৬৬টি সরকারি ও ৯৫টি রেজিস্টার্ড, সাতটি অস্থায়ী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও ৩০৬টি আনন্দ স্কুল আছে। এসব বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের ছুটি, তাঁদের উপস্থিতি, শিক্ষার্থীদের উপস্থিতি এবং পাঠদান ও উপবৃত্তির কার্যক্রম তদারকির জন্য এটিইওর ছয়টি পদ আছে। কিন্তু সাত মাস ধরে মাত্র দুজন এটিইও কর্মরত আছেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মাদারগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস সামাদ জানান, ছয়জন এটিইওর কাজ দুজনের পক্ষে করা সম্ভব নয়। কষ্ট হলেও দুজনেই সব সামলানোর চেষ্টা করছেন।এটিইও মুনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মাত্র দুজন কর্মকর্তার পক্ষে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের তদারকি সম্ভব নয়। কারণ এ উপজেলার অধিকাংশ বিদ্যালয় চর এলাকায়। কোনো কোনো বিদ্যালয়ে যেতে দুই থেকে তিন ঘণ্টা লাগে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.শামসুল হক জানান, এটিইওর শূন্যপদগুলোতে লোকবল নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না।উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি ওবায়দুর রহমান বলেন, ‘আমি বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিভাবে জানিয়েছি। এর পরও এটিইওর শূন্যপদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে না।’