মাদারগঞ্জে স্কুলছাত্রী অপহরণ
জামালপুরের মাদারগঞ্জে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল সোমবার বিকেলে ওই ছাত্রীর বড় ভাই বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেছেন।এজাহার সূত্রে জানা গেছে, ২০ জুলাই বুধবার রাত ১১টার দিকে মেয়েটি প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে বের হলে বাড়ির পেছনে ওত পেতে থাকা বখাটে নাহিদ হোসেন ও তার বন্ধুরা তার মুখ চেপে ধরে নিয়ে যায়। মেয়েটির চিৎ কারে বাড়ির লোকজন তাকে উদ্ধারে এগিয়ে আসে। কিন্তু বাড়ির সামনে নদীর ঘাটে রাখা শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে মেয়েটিকে নিয়ে তারা পালিয়ে যায়।মেয়েটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘রাস্তায় মাঝেমধ্যেই নাহিদ নামের এক বখাটে মেয়েটিকে উত্ত্যক্ত করত। সে কারণে সে আমার কাছে কয়েক দিন বিচারও দেয়। আমি ওই ছেলেকে বিদ্যালয়ে ডেকে নিয়ে সাবধানও করে দিই।’ মেয়েটির বড় ভাই অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘অপহরণ করার আগে থেকেই নাহিদ আমার বোনকে স্কুলে যাতায়াতের সময় নানাভাবে উত্ত্যক্ত করত।’ মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আওয়াল অপহরণের অভিযোগে থানায় মামলা হওয়ার কথা নিশ্চিত করে বলেন, মেয়েটিকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।