মাদারগঞ্জের দুগ্ধ খামারিরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের কারণে নিয়মিত দুধ বিক্রি করতে পারছেন না জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুগ্ধ খামারিরা। সেই সঙ্গে স্থানীয় বাজারে ও বিভিন্ন শহরে কম দামে দুধ বিক্রি করতে গিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাঁদের।
মাদারগঞ্জ মিল্ক ভিটা কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জে ছোট-বড় পাঁচ শতাধিক দুগ্ধ খামার রয়েছে। খামারগুলোতে মহিষ, বিদেশি ও দেশি গাভি থেকে দৈনিক পাঁচ থেকে ছয় হাজার লিটার দুধ উৎপাদিত হয়। দুগ্ধ সমিতির সদস্যরা মাদারগঞ্জ, ইসলামপুর ও টাঙ্গাইল মিল্ক ভিটায় এই দুধ বিক্রি করে থাকেন। ২৪টি দুগ্ধ সমিতিতে ৪৮০ জন সদস্য আছেন।
উপজেলার শুখনগর গ্রামের প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির প্রধান মির্জা জিল্লুর রহমান বলেন, হরতাল-অবরোধের কারণে ঢাকার সঙ্গে মাদারগঞ্জের যোগাযোগব্যবস্থা প্রায় বন্ধ। এ জন্য সদস্যরা মাসে পাঁচ থেকে সাত দিনের বেশি মিল্ক ভিটায় দুধ বিক্রি করতে পারছেন না। বাধ্য হয়ে স্থানীয় বাজারে এবং পাশের বিভিন্ন শহরে যাতায়াতের জন্য অনেক টাকা খরচ করে অনেক কম দামে দুধ বিক্রি করতে হচ্ছে।
দুগ্ধ খামারে উৎপাদিত দুধ বর্তমানে মাদারগঞ্জের বাজারে ও বিভিন্ন শহরে প্রতি লিটার ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। আগে সেগুলো বিক্রি করতেন ৪০ থেকে ৪২ টাকায়। এতে প্রতিদিন প্রতি লিটারে লোকসান গুনতে হচ্ছে কমপক্ষে ১২ থেকে ২০ টাকা।
বালিজুড়ী ঘোষপাড়া দুগ্ধ উৎপাদনকারী সমিতির প্রধান সুভাষ চন্দ্র ঘোষ বলেন, ‘আমরা দুগ্ধ খামারিরা আগেই ভালো ছিলাম। কারণ বিভিন্ন শহরে বিভিন্ন হোটেলে চুক্তি অনুযায়ী প্রতিদিন দুধ বিক্রি করতাম। কিন্তু এখন হরতাল-অবরোধের কারণে মাদারগঞ্জে মিল্ক ভিটায় দুধযন্ত্রও (ট্যাংক লরি) নিয়মিত আসে না। তাঁরাও আমাদের কাছ থেকে দুধ নিচ্ছেন না। আমরা খামারিরা খুব অসহায় অবস্থায় আছি।’
মাদারগঞ্জ মিল্ক ভিটার ব্যবস্থাপক মোস্তফা সারোয়ার বলেন, আপাতত হরতাল-অবরোধের কারণে প্রতিদিন দুগ্ধযন্ত্র আসতে চায় না। তবে হরতাল-অবরোধ শেষ হয়ে গেলে এ সমস্যা থাকবে না।