মাদারগঞ্জের প্রধান সড়কে ভোগান্তির শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার প্রধান সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। সড়কের কোথাও কোথাও দুই ফুট পানি জমে থাকে। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় লোকজন সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে। বেশি সমস্যা হচ্ছে এলাকার শিক্ষার্থীদের।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পৌরসভা পর্যন্ত বিস্তৃত এই সড়কটির দৈর্ঘ্য দুই কিলোমিটর। উপজেলার সাতটি ইউনিয়নে যাতায়াতের একমাত্র পথ এটি। অথচ সড়কটি গত ছয় বছরেও সংস্কার করা হয়নি। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ এবং উপজেলা শহরের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী চলাচল করে। সড়কটির অবস্থা খারাপ হওয়ায় তারা এখন দুর্ভোগের শিকার হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা যায়, ২০০৮ সালের মে মাসে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিপি) অর্থায়নে চার লাখ টাকা ব্যয়ে মাদারগঞ্জ পৌর কর্তৃপক্ষ পৌরসভা কার্যালয় থেকে বালিজুড়ি জামে মসজিদ পর্যন্ত উপজেলা সদরের প্রধান সড়কের এক হাজার ৩০০ মিটার রাস্তা সংস্কারের কাজ হয়। তখন দুই গ্রুপে কাজটি করেছে মনোহর ও আম্বিয়া এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় লোকজনের অভিযোগ, সেই সময় তড়িঘড়ি করে অল্প সময়ে কাজ শেষ করায় ১৫ দিনের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে মাদারগঞ্জ পৌরসভার প্রায় চার লাখ টাকা গচ্চা গেছে। এলাকাবাসী অভিযোগ জানালেও তৎকালীন পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের বালিজুড়ি আওয়ামী লীগ কার্যালয় থেকে বালিজুড়ি রওশন আরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মোড় পর্যন্ত একেবারেই চলাচলের অনুপযোগী। বেশির ভাগ স্থানে বড় বড় খানাখন্দ। আশা মার্কেটের সামনে সড়কের ওপর দুই ফুট পানি জমে আছে। পানিনিষ্কাশনের পথ নেই। আবার বৃষ্টি বন্ধ হলে কাদায় একাকার হয়ে যায়। এ সময় হাঁটাও কঠিন হয়ে পড়ে।
বালিজুড়ি রওশন আরা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা জাহান বলেন, ‘আমার বিদ্যালয়ে প্রায় ৫০০ শিক্ষার্থী আছে। সামান্য বৃষ্টি হলে রাস্তার পানি বিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। বৃষ্টির দিন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। কারণ, বৃষ্টিতে মেইন গেটের সামনে হাঁটুসমান পানি জমে যায়।’
অটোরিকশাচালক আবদুল খালেক বলেন, রাস্তার যা অবস্থা তাতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। পুরো রাস্তায় বড় বড় গর্ত থাকায় প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়।
মাদারগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন তালুকদার বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। ওই প্রকল্প অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রকল্প পাস হলে দরপত্র আহ্বান করা হবে।