মাদারটেকে অস্ত্র ও ককটেলসহ আটক ২
রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ককটেলসহ দুই যুবককে আটক করার দাবি করেছে র্যাব-৩।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে এ অভিযান চালানো হয় বলে দাবি র্যাবের।
র্যাব-৩-এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, ২/এ পূর্ব মাদারটেক হাফিজউদ্দিন মাস্টারের টিনশেড গ্যারেজ থেকে আতাউর রহমান (৩৬) ও মো. মানিক (২২) নামের দুই যুবককে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, একটি গুলি, তিনটি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
র্যাব দাবি করেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার গভীর রাতে মাদারটেক এলাকায় অভিযান চালায় র্যাব-৩-এর একটি দল। র্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আলী আহসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আজ সকালে আতাউর রহমান ও মো. মানিককে মাদারটেক এলাকার ওই টিনশেড গ্যারেজ থেকে আটক করা হয়।
আটক হওয়া আতাউর রহমান সবুজবাগ থানার যুবদলের সদস্য সচিব। তাঁর বিরুদ্ধে মাদারটেক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে বলে র্যাব জানিয়েছে। সবুজবাগ থানায় তাঁর নামে মামলা রয়েছে।
আটক হওয়াদের বিরুদ্ধে অস্ত্র আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে র্যাব।