অবৈধ সংযোগের মাশুল দিচ্ছে বৈধ গ্রাহকের পরিবার
মাদারটেকে ওয়াসার পানিতে আলকাতরার রং, দুর্গন্ধ

রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকা মাদারটেক ও আদর্শপাড়ায় হাজার হাজার মানুষ পানির কষ্টে ভুগছে। সেখানে বাসাবাড়িতে ঢাকা ওয়াসার পানি আসছে আলকাতরার মতো কালো রঙে। সেই পানিতে প্রচণ্ড দুর্গন্ধ।
এলাকার আবদুল আজিজ স্কুলের কাছে গভীর নলকূপের পাম্প। পানি সংগ্রহের জন্য এলাকাবাসী ভিড় করেন মাঝরাত আর ভোররাতেও। গতকাল রোববার এলাকায় গিয়ে এ অবস্থার কথা জানা যায়। দেখা যায়, এক পাত্র পানির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন চারপাশের বাসিন্দারা।
ঢাকা ওয়াসার ৬ নম্বর আঞ্চলিক কার্যালয় থেকে বলা হচ্ছে, লতা পাইপের সাহায্যে অনেকে অবৈধ সংযোগ নিতে গিয়ে পানির মূল লাইন ফুটো করে ফেলেছেন। ফুটো পথে ঢুকে পড়ছে ময়লা পানি। সেই পানি ওয়াসার সরবরাহ করা পানিতে মিশে ময়লা আর দুর্গন্ধে ভরে যাচ্ছে। এর মাশুল দিচ্ছেন এলাকার প্রায় ১ হাজার ৮০০ বৈধ গ্রাহক।
গতকাল দুপুর ১২টার দিকে মাদারটেক প্রধান সড়কে অবস্থিত ওয়াসার পানির পাম্প এলাকায় গিয়ে দেখা যায়, শত শত মানুষ পানি সংগ্রহের জন্য ভিড় করেছে। বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষ। তাঁদের সঙ্গে বড় বড় জার, হাঁড়ি, কলসি, বালতি সবই আছে। আদর্শপাড়া থেকে পানি সংগ্রহে এসেছে দশম শ্রেণির ছাত্র আনোয়ার। সে জানায়, শুক্রবার রাত ১২টার দিকে তার বাবা এসে ভিড়ের জন্য পানি নিতে পারেননি। সকাল ১০টার দিকে সে এসেছে। কিন্তু দুই ঘণ্টায়ও কলের কাছে যেতে পারেনি।
গৃহকর্মীকে লাইনে দাঁড় করিয়ে দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অবসরপ্রাপ্ত চাকরিজীবী মরিয়ম বেগম। তিনি বলেন, প্রায় এক মাস ধরে পানিতে ময়লা ও গন্ধ। সেই পানি দিয়েই হাত-পা ধোয়ার কাজ চলত। কিন্তু এক সপ্তাহ ধরে আলকাতরার মতো কালো রঙের পানি আসছে। এখন এমন অবস্থা যে কল খুলতেই ভয় লাগে।
হাতে দুটি বড় জার নিয়ে এসেছেন আবদুল কাদের। তিনি বলেন, ফজরের নামাজের পর পানি নিতে এসে দেখেন, তখনো ৭০-৮০ জন লোক দাঁড়িয়ে। কিছু পানি নিয়ে সকালের কাজ চালিয়েছেন। এখন পানি নিয়ে গেলে ভাত রান্না হবে।
মাদারটেকের স্থায়ী বাসিন্দা সোলায়মান হোসেন বলেন, ২০০৪ সালের বন্যার পর এলাকায় খাওয়ার পানির এমন সমস্যা দেখেননি। বাসার কলে ময়লা পানির জন্য ভাড়াটেরা চলে যাওয়ার নোটিশ দিয়েছেন। অথচ তিনি নিয়মিতই ওয়াসার বিল পরিশোধ করছেন।
আদর্শপাড়ার বাসিন্দা সাব্বির আহমেদ গত এক সপ্তাহ ঠিকমতো গোসল করতে পারেননি বলে জানান।
ওয়াসার ৬ নম্বর আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাজ্জাক শিকদার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, লতা পাইপের মাধ্যমে নর্দমার ভেতর দিয়ে অবৈধ সংযোগ নেওয়া হয়েছে ওয়াসার প্রধান লাইন থেকে। এতে পাইপ ফুটো হয়ে পুরো সরবরাহ লাইনের পানি দূষিত হয়ে গেছে। অনেকে মোটরের সাহায্যে প্রধান লাইন থেকে পানি টানছেন। তিনি বলেন, বালু নদের পানি বাড়ার কারণে লোকালয়ে পানি চলে এসেছে। সেই পানিতে নর্দমা ভরে গেছে। পানি নামলে এই সমস্যার কিছুটা সমাধান আশা করা যায়।
বর্তমানে সমস্যার আশু ব্যবস্থা হিসেবে কী করা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘আগামীকাল সোমবার (আজ) এলাকায় অভিজ্ঞ মিস্ত্রিসহ ওয়াসার দল পাঠানো হবে। দেখা যাক, কী করা যায়।’