মাদারীপুর-আগৈলঝাড়া সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
মাদারীপুরের কালকিনি উপজেলার পাথরিয়া পাড় থেকে নবগঠিত ডাসার থানা পর্যন্ত মাদারীপুর-আগৈলঝাড়া সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে।এলাকাবাসী ও সওজ কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-আগৈলঝাড়া সড়কের নির্মাণকাজের জন্য ২০১০ সালের জানুয়ারি মাসে ১১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ছয় টাকার দরপত্র আহ্বান করে সড়ক ও জনপদ (সওজ)। ওয়ে বণিক আলম কনস্ট্রাকশন ও এসিএস লিমিটেড নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই বছরের ২ মার্চ আট কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৪৭৪ টাকায় কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে ওয়ে বণিক আলম কনস্ট্রাকশন চার কোটি ৮৮ লাখ ৯৫ হাজার টাকায় পাথরিয়া পাড় থেকে ডাসার থানা পর্যন্ত সড়কের কার্যাদেশ পায়। সড়কের নির্মাণকাজ ২০১২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও আংশিক কাজ করে তারা চলে যায়। অবশিষ্ট অংশের নির্মাণকাজের জন্য গোপালগঞ্জ সড়ক সার্কেল ২০১২ সালের ২৩ অক্টোবর পুনরায় দরপত্র আহ্বান করে। ২৬ ডিসেম্বর মেসার্স সরদার এন্টারপ্রাইজ পাঁচ কোটি ৬৬ লাখ আট হাজার ১৩৩ টাকায় কার্যাদেশ পায়।এলাকাবাসীর অভিযোগ, সড়কে আট ইঞ্চি বালু, সমহারে ছয় ইঞ্চি বালু ও খোয়া এবং সমহারে বালু ও পাথর ব্যবহারের কথা থাকলেও তা করা হচ্ছে না। বিভিন্ন স্থানে পাথরের চেয়ে বালুর পরিমাণ বেশি দেওয়া হচ্ছে। ডাসার এলাকার বাসিন্দা সৈয়দ জামিল, রমজান আলী, বালিগ্রামের আরাফাত, আ. করিম ও পাথরিয়া পাড়ের ইউনুস, কামালসহ কয়েকজন অভিযোগ করেন, বালু, খোয়া ও পাথর পরিমাণমতো না দিয়ে জোড়াতালি দিয়ে কাজ করা হচ্ছে। নিম্নমানের কাজ করায় কিছুদিন পরই সড়কের বিভিন্ন অংশ ওঠে যাবে।সরদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সিরাজ মিয়া বলেন, কাজের সময় একটু কম-বেশি হতে পারে। এ বিষয়ে পরে কথা হবে জানিয়ে তিনি ফোন রেখে দেন।মাদারীপুর সওজের উপসহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, ‘ঠিকাদার কাজ করছে। কাজ শেষ হলে যাচাই-বাছাই করা হবে।’ নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, কাজের মান খারাপ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।