মাদারীপুর ও ফরিদপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
মাদারীপুর সদর ও ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গতকাল বুধবার সকালে বজ্রপাতে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে দুজন কৃষক৷ বৃষ্টিপাতের সময় বাড়ির বাইরে থাকায় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিন ব্যক্তি মারা যান৷
মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের পল্লিচিকিৎসক কাজী আবদুল কুদ্দুস বলেন, গ্রামের ট্রাক্টরচালক আবদুল হাই চৌকিদার (৬০) ও কৃষক লিটন ব্যাপারী (৪২) গতকাল সকালে পাশের বলষার চকের জমিতে কাজ করছিলেন৷ এ সময় বৃষ্টিপাত শুরু হলে তাঁরা মাঠে সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন৷ বজ্রপাতে ওই ঘরে থাকা দুজনই ঘটনাস্থলে মারা যান৷
অপর দিকে ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মিয়ার গ্রামে গতকাল সকালে বজ্রপাতে গিয়াস মোল্লা (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন৷ গিয়াস মোল্লা ওই গ্রামের মোজা মোল্লার ছেলে৷
নিহত তরুণের দুলাভাই হাবিব মাতুব্বর বলেন, বৃষ্টির সময় গিয়াস ঘর থেকে বেরিয়ে একটু দূরের শৌচাগারে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান৷ স্থানীয় ইউপি চেয়ারম্যান ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷