মাদারীপুর ও মেহেরপুর থেকে বোমা অস্ত্র উদ্ধার
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর থেকে গত সোমবার রাত আটটার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা দুটি দেশি বন্দুক, ১০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। এদিকে গতকাল মঙ্গলবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে র্যাব ছয়টি বোমা ও দুটি অস্ত্র উদ্ধার করেছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব দাবি করেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর ফিলিং স্টেশনের কাছে বিশেষ অভিযান চালিয়ে পাটখড়িভর্তি একটি ট্রাক থেকে দেশীয় অস্ত্রশস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় রাজবাড়ীর বড়লক্ষ্মীপুর গ্রামের বারেক প্রামাণিক (২৮) ও পাংশা থানার আমবাড়ী গ্রামের জাহিদ হোসেন মোল্লাকে (৩০) গ্রেপ্তার ও ট্রাকটি জব্দ করা হয়।র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার সিরাজুল ইসলামের ভাষ্যমতে, ফরিদপুর থেকে ট্রাকটি বরিশালের দিকে যাচ্ছিল। বরিশালে দুর্গাপূজায় নাশকতার উদ্দেশ্যে ট্রাকে করে বোমা ও অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল বলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন। উদ্ধার করা ট্রাকসহ অস্ত্র ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মাদারীপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।র্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এ বি এম আবুল হাসনাত মোল্লার ভাষ্যমতে, কিছু চরমপন্থী নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে বাগোয়ান গ্রামে গোপন বৈঠক করছিলেন। গতকাল ভোরে র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে ওই গ্রামের সার বিতরণের পরিত্যক্ত একটি ভবন থেকে অস্ত্র ও বোমাগুলো উদ্ধার করেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে র্যাবের সদস্যরা তাদের বৈঠকস্থলে গিয়ে সেখান থেকে ছয়টি বোমা ও দুটি এলজি শাটারগান উদ্ধার করেন। বোমাগুলো বড় জর্দার কৌটায় লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। সেগুলো একটি চটের ব্যাগে বালির মধ্যে ছিল।মুজিবনগর থানার ওসি জিয়া উদ্দিন জানান, বোমাগুলো নিষ্ক্রিয় করতে সেগুলো পানিভর্তি বালতির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে।