মাদারীপুর শহরের দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ
মাদারীপুর শহরের সব দোকানপাট গত শনিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসন খাসজমিতে নির্মাণ করা মাদারীপুর বণিক সমিতির ঘর ভেঙে দিলে ওই সমিতির পক্ষ থেকে দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার বেলা ১১টায় মাদারীপুর শহরের পুরানবাজারে মানববন্ধন করা হয়। আগের দিন বিকেলে বণিক সমিতির পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।মাদারীপুর বণিক সমিতি সূত্রে জানা গেছে, শহরের পুরানবাজার এলাকার ১১৪ নম্বর মাদারীপুর মৌজার এসএ ১ নম্বর খাস-খতিয়ানের ৩৯৭৪ নম্বর দাগের ৪ দশমিক ৬৩ শতাংশ জমির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের মৌখিক অনুমতিক্রমে বণিক সমিতির জন্য একটি ঘর নির্মাণ করা হয়। শনিবার দুপুরে জেলা প্রশাসনের লোকজন কোনো নোটিশ না দিয়ে ঘরটি ভেঙে ফেলেছেন।বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়া বলেন, ‘মাদারীপুর শহরের অনেক সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। আমরা বণিক সমিতির ভবন নির্মাণের জন্য মাত্র ২ শতাংশ জায়গার জন্য আবেদন করেছি এবং আবেদনের পরেই আমরা ওই জায়গায় ঘর উঠিয়েছি।’মাদারীপুর জেলা প্রশাসক শশী কুমার সিংহ বলেন, সরকারি জায়গার ওপর গত শুক্রবার তারা ঘর নির্মাণের কাজ শুরু করলে সদরের ইউএনও বাধা দেন। এর পরও তারা ঘর নির্মাণ করেছে। মৌখিক অনুমতির কথার বিষয়টি একেবারে মিথ্যা। বণিক সমিতি দোকানপাট বন্ধ ঘোষণা করে অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি খাসজমি দখলের অপচেষ্টা চালাচ্ছে।