মাদারীপুরভিত্তিক টেলিফোনে চাঁদাবাজ চক্র এখনো সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মোবাইল ফোন নম্বর থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার যশোরের বেনাপোল থেকে চারজনকে এবং তাঁদের দেওয়া তথ্যানুযায়ী ঢাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, লাবলু শিকদার (২৮), ইমরান হোসেন (৩৬), জামাল শেখ (৩৩), উবাইদুর রহমান (২৮) ও এসএ পরিবহনের পার্শ্বেল সহকারী রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম ছাড়া বাকি চারজনের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্ন গ্রামে। রফিকুলকে ঢাকার মিরপুর-১০ নম্বর থেকে গ্রেপ্তার করা হয়।ডিবি সূত্র জানায়, রাজধানীসহ সারা দেশে টেলিফোন-চাঁদাবাজদের মধ্যে বেশির ভাগেরই বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার লুন্দি গ্রামে। দীর্ঘদিন ধরে লুন্দিসহ ওই এলাকার আরও কিছু গ্রামের একশ্রেণীর মানুষের জীবিকার প্রধান উপায় হয়ে উঠেছে টেলিফোনে চাঁদাবাজি। স্থানীয় ভাষায় একে বলা হয় ‘হ্যালো ব্যবসা’। এসব প্রতারকেরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা চাঁদার টাকা গ্রহণ করে। এ কাজের জন্য তারা কুরিয়ার সার্ভিসের কিছু কর্মীকেও হাত করে থাকে। এসব প্রতারকেরা দেশীয় মোবাইল ফোনের পাশাপাশি ভারতীয় মোবাইল ফোনও ব্যবহার করে। সীমান্তবর্তী অনেক এলাকায় ভারতীয় ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় বলে তারা সহজে ভারতীয় মোবাইল ফোন ব্যবহার করতে পারে। পুলিশ জানায়, এরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে দরদাম করে কখনো পাঁচ হাজার টাকায়ও নামে চাঁদার অঙ্ক। চাঁদা চাওয়ার আগে এরা ওই চাঁদাবাজির ঘটনার শিকার পরিবারের সদস্য, সদস্যদের কর্মকাণ্ড, যাতায়াত ইত্যাদি সম্বন্ধে খোঁজখবর নেয়। পরে সেই সব তথ্য ধরে ভয়ভীতি দেখিয়ে তারা নিজেদের চাঁদার অঙ্ক বাড়ায়। প্রথম আলোতে ২০০৯ সালের ৫ জুলাই ‘মাদারীপুরে বসে সারা দেশে ফোনে চাঁদাবাজি’ শিরোনামে এ ব্যাপারে অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়।ডিবির অতিরিক্ত উপ-কমিশনার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শনিবার গ্রেপ্তার হওয়া চারজনের বাড়ি রাজৈর উপজেলার লুন্দির পার্শ্ববর্তী গ্রামে। এরা কখনো দেশ থেকে আবার কখনো সীমান্তের ওপারে গিয়ে ভারতের নম্বর থেকে ফোন করে মানুষের কাছে চাঁদা দাবি করত। নিজেদের পরিচয় দিত কখনো ডাকাত শহীদ, কখনো শাহাদাত আবার কখনো নবী হোসেন বলে। তিনি বলেন, এই প্রতারক চক্রের সঙ্গে কুরিয়ার সার্ভিসের কর্মীদের যোগাযোগ রয়েছে। এদের সঙ্গে ধরা পড়া এসএ পরিবহনের কর্মী রফিকুল চাঁদা আদায়ে সহায়তা করে প্রতি লাখ টাকায় আট হাজার টাকা করে পেতেন।রমনা পুলিশের হাতে গ্রেপ্তার: টেলিফোনে চাঁদাবাজির অভিযোগে গত রোববার আশরাফ (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ। একজন চিকিৎসকের অভিযোগের পরিপ্রেক্ষিতে টাকা নেওয়ার সময় রোববার রাজধানীর আনারকলি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।