মাদারীপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
সোমবার ভোর ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
রোববার সন্ধ্যায় শ্রমিক ইউনিয়নে কার্যালয়ে থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে এ বিষয়ে মাইকিং করে ধর্মঘট পালন করার জন্য আহ্বান জানানো হয়।
চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় বাসচালককে যাবজ্জীবন সাজা দেওয়ার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হলো।
মাদারীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ফাইজুল শরিফ বলেন, খুলনা বিভাগে ধর্মঘট পালন হচ্ছে। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে মাদারীপুর শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে তাঁকে যাবজ্জীবন সাজা দেওয়ার কোনো বিধান নেই। তাই আমরা বাস-ট্রাকসহ চার চাকার সব যান চলাচল বন্ধ রাখব। তবে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, সরকারি গাড়ি ছাড়া কোনো চার চাকার যান চলাচল করতে পারবে না।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-মানিকগঞ্জ এলাকার জোকা এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় গত বুধবার মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।