মাদারীপুরে অ্যাসিডে দগ্ধ মা ও মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়েছেন মা ও মেয়ে। আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। মেয়েটি রাজৈর ডিগ্রি কলেজের মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্রী। ঘটনার শিকার মা-মেয়েকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ভোররাতে বেড়া কেটে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। তারা ঘুমিয়ে থাকা কলেজছাত্রী (১৭) ও তার মায়ের (৪৫) শরীরে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। মা-মেয়ের চিত্কার শুনে পাশের বাড়িতে থাকা স্বজনেরা এসে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শিশির চন্দ্র মণ্ডল প্রথম আলো ডটকমকে বলেন, ওই ছাত্রীর নাক, গলাসহ সারা শরীর এবং তার মায়ের গলা ও পেট ঝলসে গেছে। তাঁদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার সুমন সেন প্রথম আলো ডটকমকে বলেন, অ্যাসিডে মেয়েটির শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এই মুহূর্তে তার প্রাণহানির আশঙ্কা নেই। তবে তাকে দীর্ঘ মেয়াদে চিকিত্সা নিতে হবে। তবে তার মা আশঙ্কামুক্ত এবং মেয়ের পাশে রয়েছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে ছাত্রীর ভাই মুঠোফোনে জানান, দুর্বৃত্তরা তাঁর মা ও বোনকে মেরে ফেলার জন্য অ্যাসিড নিক্ষেপ করেছে। এ ঘটনার সঙ্গে কে কারা জড়িত, তা তিনি জানেন না। তবে এর সঠিক বিচার চান তিনি। তিনি বলেন, ‘আগে আমার মা ও বোন একটু সুস্থ হোক। তারপর মামলা করব।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, ‘এটা আমরা কোনোভাবেই হালকা করে নিচ্ছি না। অপরাধী যে-ই হোক, কোনোভাবেই পার পাবে না। তাদের খুঁজে বের করা হবে।’