মাদারীপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, নয় পুলিশসহ আহত অর্ধশত
মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা-কাশিমপুর বাজারে গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশের নয়জন সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউনিয়নের ফুলতলা বাজারসংলগ্ন নদীর সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণ কেন্দ্র করে পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শাজাহান মোল্লা এবং যুবলীগের নেতা মশিউর রহমানের পক্ষের লোকজনের মধ্যে সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। উভয় পক্ষ আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ও র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। সংঘর্ষ ঠেকাতে পুলিশ ৩২টি কাঁদানে গ্যাসের শেল ও ৬০টি শর্টগানের গুলি ছোড়ে। প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশের নয়জন সদস্যসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। দুই পক্ষের গোলাগুলিতে টুকু (৩৩), শাহ জামাল (২৮) ও নবীন শেখ (১৮) নামের তিনজন গুলিবিদ্ধ হন। আহত পুলিশের সদস্যরা হলেন: এসআই জোবায়ের, এসআই আনোয়ার, এএসআই সমীর, পুলিশের সদস্য মোসলেম, ইউনুছ, মানিক শিকদার, মিজান, সালাম ও আবুল হোসেন। আহত অন্য ব্যক্তিরা হলেন: জুলহাস (২৮), আল আমীন (২১), আক্কাস (৫৫), রেজাউল (১৮), জাকির (২৩), অহিদ (২২), আসাদুল (২০), গোপাল (২৫), শাহদাত (২৫), শাহ আলম (২২), মনা (৪৫), দেলোয়ার, হেমায়েত, লাল চান, নবীন শেখ, খোকন ও সিরাজ। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আহত ব্যক্তিদের মাদারীপুরের রাজৈর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মাদারীপুরের জেলা প্রশাসক শশী কুমার সিংহ, পুলিশ সুপার সরদার তমিজউদ্দিন আহমেদ ও র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট শামীম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ওসি মশিউর রহমান জানান, যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন তাঁরা পুলিশের গুলিতে আহত হননি। কারণ পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।