মাদারীপুরে আর্সেনিকমুক্ত পানি সরবরাহ প্রকল্প ভেস্তে যাচ্ছে
স্থাপনা নির্মাণ করা হলেও বিদ্যুৎ-সংযোগের অভাবে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহের প্রকল্পটি আট বছরেও আলোর মুখ দেখেনি। অথচ কেন্দুয়ায় গত ১০ বছরে আর্সেনিকোসিসে আক্রান্ত হয়ে কমপক্ষে ১৫ জন মারা গেছে।কেন্দুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, আর্সেনিকের ভয়াবহতা রোধে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ২০০৪ সালে ২৮ লাখ টাকার প্রকল্পটি হাতে নেয়। বেসরকারি সংস্থা দিশা বাংলাদেশ ওই বছরই প্রকল্পটি বাস্তবায়ন করে। ওভারহেড ট্যাংক নির্মাণ ও পানি সরবরাহের পাইপলাইন স্থাপনসহ প্রকল্পের যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। কিন্তু বিদ্যুতের অভাবে এখন পর্যন্ত প্রকল্পটি চালু করা হয়নি। এই প্রকল্পের মাধ্যমে ৩০০ বাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ ও ১৫০ বিঘা জমিতে পাইপলাইনের মাধ্যমে সেচ সুবিধা দেওয়ার কথা।দিশা বাংলাদেশের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, জরিপের মাধ্যমে প্রকল্প এলাকা নির্ধারণ করা হয়। কিন্তু প্রকল্পটি বাস্তবায়নের পর চালু করতে গেলে দেখা যায়, ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইনে যন্ত্রপাতি চলে না। পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টের লাইনের জন্য আবেদন করলে তারা জানায়, এ জন্য চার লাখ টাকা লাগবে। টাকার জন্য বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির কাছে আবেদন করা হয়। কিন্তু বরাদ্দ না থাকার কথা বলে একাডেমি কর্তৃপক্ষ টাকা দেয়নি।মাদারীপুর পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্প পরিচালনার জন্য ৪৪০ ভোল্টের বিদ্যুৎ-সংযোগ প্রয়োজন। প্রকল্প এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইন আছে। এত দূর থেকে বিদ্যুৎ- সংযোগ দিতে হলে প্রায় চার লাখ টাকা খরচ হবে।মাদারীপুর পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক আবুল কালাম বলেন, প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ লাইন স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়। গত বছর ৩৩ কিলোমিটার বরাদ্দ ছিল। এবার এখনো কোনো বরাদ্দ হয়নি। সাবস্টেশনে এখন কোনো নতুন লাইন সংযোগ দেওয়ার মতো অবস্থা নেই, প্রয়োজনীয় সরঞ্জামও নেই। এমনকি পল্লী বিদ্যুতের নির্ধারিত টাকা দিলেও এখন সংযোগ দেওয়া সম্ভব হবে না।মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছিদ্দিকুর রহমান বলেন, কেন্দুয়া ইউনিয়নের ওই প্রকল্পের ব্যাপারে কেউই তাদের সঙ্গে যোগাযোগ করছে না। দীর্ঘদিন পড়ে থাকা এই প্রকল্পটির বিষয়ে শিগগিরই খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শাহ মোহামঞ্চদ রায়হান কবির জানান, কেন্দুয়ায় গত ১০ বছরে আর্সেনিকোসিসে আক্রান্ত হয়ে কমপক্ষে ১৫ জন মারা গেছে। এখনো কয়েক শ নারী-পুরুষ আর্সেনিকোসিসে ভুগছেন।বেসরকারি সংস্থা অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রের এক জরিপে দেখা গেছে, কেন্দুয়া ইউনিয়নের চারটি গ্রামে আর্সেনিকোসিসে আক্রান্তের সংখ্যা ১১০ জন। এর মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।