মাদারীপুরে ইউএনওসহ ৫৭ জনের করোনা শনাক্ত

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ৮ জন হাইওয়ে পুলিশ সদস্য, একজন ইউপি চেয়ারম্যান ও দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৫০ জনে। আজ শনিবার দুপুরে জেলার সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে এসেছে। এর মধ্যে ৫৭ জন পজিটিভ হন। নতুন আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ২৩ জন শনাক্ত হয়েছে রাজৈর উপজেলায়। এ নিয়ে এই উপজেলায় রোগীর সংখ্যা দাঁড়াল ১১৩ জন, যা জেলার মধ্যে সবচেয়ে বেশি। এ ছাড়া শিবচরের ইউএনও মো. আসাদুজ্জামান, পাঁচ্চর ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন, শিবচর হাইওয়ে পুলিশের ৮ জন সদস্যসহ নতুন ১৭ জন কোভিড শনাক্ত হয়েছে। এ ছাড়া কালকিনি উপজেলায় নতুন করে আরও ১৬ জন ও সদর উপজেলায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মারা গেছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৫ জন। প্রাতিষ্ঠানিক ও বাড়িতে আইসোলেশন ও ঢাকায় চিকিৎসাধীন ২৪০ জন।
জেলা প্রশাসন সূত্র জানায়, করোনা পরিস্থিতির শুরু থেকে দেশের প্রথম অবরুদ্ধ উপজেলা শিবচর। এই উপজেলায় সাধারণ মানুষকে ত্রাণসহায়তা দেওয়ার পাশাপাশি তাঁদের সচেতন করতে সার্বক্ষণিক মাঠে ছিলেন ইউএনও আসাদুজ্জামান। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসে তিনি করোনায় আক্রান্ত হন। কয়েক দিন ধরে অসুস্থ বোধ করায় বাড়িতেই অবস্থান করছিলেন তিনি।
সিভিল সার্জন সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জেলায় করোনার সংক্রমণ রোধে আমরা নতুনভাবে সবকিছু চিন্তাভাবনা করেছি। গ্রাম ও ওয়ার্ডগুলো আলাদা আলাদা জোন করাসহ একটি গাইডলাইন তৈরি করেছি। প্রতিটি উপজেলায় সেই গাইডলাইন ধরে কাজ শুরু হয়েছে।’
সিভিল সার্জন আরও বলেন, ‘কয়েকটি এলাকা আমরা পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় লকডাউন করব। তবে তা এখনই আমরা ঘোষণা করছি না। কারণ, এলাকাগুলো লকডাউনের ঘোষণা দিয়ে দিলে পজিটিভ কেসের রোগীরা সরে যাবে। তাই সবকিছু গুছিয়ে লকডাউন দেব, যাতে কেউ বাইরে না যেতে পারে।’