মাদারীপুরে করোনা সংক্রমণ ৩ হাজার ছাড়াল
মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা তিন হাজার ছাড়াল। গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি–পিসিআর পদ্ধতিতে ৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত হওয়া ৪২ জনের মধ্যে রাজৈর ও কালকিনি উপজেলার সর্বোচ্চ ১৩ জন করে রয়েছেন। এ ছাড়া সদরের ৯ জন ও শিবচর উপজেলার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন, রাজৈর ও কালকিনি উপজেলা দুটি বরিশাল ও গোপালগঞ্জের পাশে হওয়ায় এগুলোতে সংক্রমণ বেশি হচ্ছে।
এদিকে জেলায় আজ শনাক্তের হার গতকালের তুলনায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৮৫ শতাংশে। গতকাল ছিল ২০ দশমিক ৪৩ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, বর্তমানে চারটি উপজেলার মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন। সদরে এ পর্যন্ত ১ হাজার ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া রাজৈর উপজেলায় শনাক্ত হয়েছেন ৭৭৩ জন, কালকিনি উপজেলায় ৪৫১ ও শিবচর উপজেলায় ৪২৯ জন।
জেলায় এ পর্যন্ত র্যাপিড অ্যান্টিজেন ও আরটি–পিসিআর পদ্ধতিতে ২১ হাজার ৮৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮ জনের। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ৫৬৯ জন। তাঁদের মধ্যে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকি ৫৫৬ জন হোম আইসোলেশনে আছেন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন।
সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, ‘সংক্রমণ ঠেকাতে আমরা চেষ্টা করছি। তবে এখন যে সমস্যা হচ্ছে, তা আমাদের প্রত্যাশার বাইরে। সংক্রমণ ঠেকাতে মানুষের যেভাবে সচেতন হওয়া দরকার, সেভাবে সচেতন হচ্ছে না। মানুষের কাছ থেকে সেই পরিমান সাড়াও পাচ্ছি না আমরা। ফলে সংক্রমণ বাড়ছে, তাই মৃত্যুও বাড়ছে। আর আইসিইউ তো চাইলেই চালু করা সম্ভব নয়। আমাদের ম্যান পাওয়ার (লোকবল) দরকার। আমরা লোকবলসহ নানা বিষয়ের ওপর চাহিদাপত্র স্বাস্থ্যের ডিজির কাছে পাঠিয়েছি। এগুলোর সরবরাহ পেলেই আইসিইউ শয্যা চালু করা সম্ভব।’
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন তিনজন। তাঁদের মধ্যে মাদারীপুর জেলার একজন ছিলেন। এ কারণে দেশের প্রথম লকডাউন কার্যকর করা হয় মাদারীপুরের শিবচর উপজেলায়।