মাদারীপুরে কলেজ শিক্ষকদের অবরুদ্ধ করল ছাত্রলীগ
মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষকদের গতকাল রোববার পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রলীগের কিছুসংখ্যক নেতা-কর্মী। কলেজ ছাত্র সংসদের নির্বাচন দাবিতে শিক্ষকদের আটকে রাখা হয়। একই কারণে গত বৃহস্পতিবারও শিক্ষকদের অবরুদ্ধ করা হয়েছিল। কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মিঞা আবদুল হালিম জানান, ২৯ মার্চ কলেজের ছাত্র সংসদের নির্বাচন হওয়ার কথা। ২১ মার্চ নির্বাচনের প্রস্তুতি বৈঠকে মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ছাত্রলীগের একাংশের নেতাদের নিয়ে কলেজের অধ্যক্ষকে গালাগাল করেন। পাভেলুর রহমান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই।গালাগালের প্রতিবাদে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা শিক্ষকেরা পদত্যাগ করলে অধ্যক্ষ নির্বাচন স্থগিত করেন। এ ঘটনায় ছাত্রলীগের ওই পক্ষ পরের দিন শিক্ষকদের দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে তারা শিক্ষকদের মৌন মিছিলেও বাধা দেয়। গতকাল বেলা পৌনে ১১টায় শিক্ষকদের অবরুদ্ধ করা হয়। বিকেল পৌনে চারটায় পুলিশ গিয়ে ছাত্রলীগের নেতাদের বুঝিয়ে কলেজের মূল ভবনের তালা খুলে শিক্ষকদের মুক্ত করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরকারি নাজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ দানেশ মিঞা বলেন, ‘অবরুদ্ধ করে রাখার সময় বিষয়টি আমরা নৌমন্ত্রী ও পুলিশ সুপারকে (এসপি) জানিয়েছিলাম। কিন্তু তাঁরা দ্রুত কোনো ব্যবস্থা নেননি। শিক্ষকেরা দীর্ঘ সময় না খেয়ে অবরুদ্ধ ছিলেন।’এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজ (রোববার) জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় সরকারি নাজিমউদ্দিন কলেজের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে উদ্ভূত পরিস্থিতির জন্য কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের দায়ী করেছেন নৌমন্ত্রীসহ সবাই।’ পুলিশ সুপার বলেন, ‘শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার সময় পুলিশ কলেজ প্রাঙ্গণে ছিল। কিন্তু কোনো অ্যাকশনে যায়নি। কারণ ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া নিষেধ। এখানে কিছু বিধিগত সীমাবদ্ধতা আছে। তাই আলাপ-আলোচনার মাধ্যমে শিক্ষকদের উদ্ধার করা হয়।’শিক্ষকদের অবরুদ্ধ করার ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘পুনরায় তফসিল ঘোষণা করে কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষকদের অবরুদ্ধ করা হয়। কোনো শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়নি। কলেজের অধ্যক্ষ নির্বাচনের আশ্বাস দিলে পরে আমরা অবরোধ তুলে নিই।’