মাদারীপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদিপ্রবাসী স্বামীর বিয়ের খবর শুনে মাদারীপুরের রাজৈর উপজেলার বিদ্যানন্দী গ্রামের এনি বেগম (২৫) নামের এক গৃহবধূ গত রোববার রাতে মারা গেছেন। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, এনি বিষপানে আত্মহত্যা করেছেন। আর এনির ভাইয়ের অভিযোগ, তাঁকে মারধরের পর মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত রোববার রাতে গুরুতর অসুস্থ এনিকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বছর পাঁচেক আগে বিদ্যানন্দী গ্রামের হাছেন হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদারের সঙ্গে পাশের মুকসুদপুর উপজেলার রাঘদী গ্রামের নূরুল হক শেখের মেয়ে এনির বিয়ে হয়। তাঁদের ঘরে চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। ছয় মাস আগে ফরিদ সৌদি আরব যান। এনির শ্বশুরবাড়ির লোকজন দাবি করেন, দু-তিন দিন আগে ফরিদের এক বন্ধু মুঠোফোনে রসিকতা করে এনিকে জানান, ফরিদের সঙ্গে অন্য একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। এ নিয়ে মুঠোফোনে ফরিদের সঙ্গে এনির কথাকাটাকাটি হয়। রোববার রাতে এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে এনি বিষপান করেন। এনির ভাই আতাউর রহমান অভিযোগ করেন, স্থানীয় এক মেয়ের সঙ্গে ফরিদের পরকীয়া ছিল। সম্প্রতি ঘটনাটি এলাকায় জানাজানি হয়। ফরিদ বিদেশে যাওয়ার পর থেকে এনিকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করতেন। ঘটনার দিন রাতে তাঁরা এনিকে মারধর করে তাঁর মুখে বিষ ঢেলে দেন।রাজৈর থানার উপপরিদর্শক একরাম আলী জানান, ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।