মাদারীপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার রাশিদা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।
পুলিশ ও পরিবার জানায়, উপজেলার সিদ্দিখোলা এলাকার দিনমজুর গোলাপ হাওলাদারের স্ত্রী রাশিদা (৩০) চরমুগরিয়া এলাকার ভাই ভাই বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন। বুধবার রাত নয়টার দিকে বেকারি থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। গতকাল সকালে চরমুগরিয়ার পিটিআইসংলগ্ন এলাকায় তাঁর লাশ দেখে লোকজন পুলিশে খবর দেন।
রাশিদা উপজেলার আটিপাড়া গ্রামের সেকেমালী তালুকদারের মেয়ে। তাঁর এক থেকে ছয় বছর বয়সের তিনটি সন্তান রয়েছে।
রাশিদার বাবা সেকেমালী তালুকদার অভিযোগ করেন, গোলাপ হাওলাদারের আগের স্ত্রী ২০ বছর আগে বিষপান করে মারা যান। রাশিদার মৃত্যুর সঙ্গেও তাঁর (স্বামী) সংশ্লিষ্টতা থাকতে পারে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবুবকর সিদ্দিক জানান, গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।