মাদারীপুরে গৃহবধূর লাশ নিয়ে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলায় অঞ্জলী বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ নিয়ে তাঁর বাবা ও শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে বুধবার রাতে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে। এ ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ১০ জন আহত হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামের শামচুল ব্যাপারীর মেয়ে অঞ্জলী বেগমের সঙ্গে শ্রীনদী গ্রামের মন্নাত ফকিরের ছেলে সামসুল ফকিরের বিয়ে হয়। গত মঙ্গলবার রাতে অঞ্জলীর মৃত্যু হয়।গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই অঞ্জলীর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাঁকে চাপ দিতে থাকেন। যৌতুক না দেওয়ায় তাঁরা মঙ্গলবার রাতে তাঁকে নির্যাতনের মাধ্যমে হত্যা করেন।খবর পেয়ে গত বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে এসে অঞ্জলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর বুধবার বিকেলে পুলিশ লাশ তাঁর চাচা কামাল হোসেনের কাছে হস্তান্তর করে।সন্ধ্যা ছয়টার দিকে বাবার পরিবারের সদস্যরা লাশবাহী গাড়ি নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার সেতুর কাছে পৌঁছালে শ্বশুরবাড়ির লোকজন এর গতিরোধ করেন। এ সময় শ্বশুরবাড়ির লোকজন লাশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় উত্তেজিত জনতা সদর থানার এএসআই মহসিনকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এএসআই মাহফুজ বাদী হয়ে একটি মামলা করেছেন। তা ছাড়া এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। অঞ্জলীর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। আহত এএসআই মহসিন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। অঞ্জলীর লাশ বুধবার রাতেই বাবার বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে।