মাদারীপুরের কালকিনিতে গত শুক্রবার ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ এ ঘটনায় এখনো বাসের চালককে আটক করতে পারেনি। গঠন করা হয়নি কোনো তদন্ত কমিটি। পুলিশের দাবি, চালকের ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য নেই।
এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে গত শনিবার বাস-মাইক্রোবাসের সংঘর্ষে সাতজনের মৃত্যুর ঘটনায় ওই দুই পরিবহনের ফিটনেস ও চালকদের দক্ষতা সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ।
কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল সড়কের মেলকাই নীলখোলা এলাকায় গত শনিবার বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হন। এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ বাদী হয়ে কালকিনির ডাসার থানায় মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাতনামা দুই চালককে আসামি করা হয়। পুলিশ এখনো বাসের চালককে শনাক্ত করতে পারেনি।
মাদারীপুর বাসমালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মাদারীপুর-কালকিনির ভুরঘাটাগামী বাসের সঙ্গে বরিশাল-কাওরাকান্দিগামী মাইক্রোবাসটির সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসের সব যাত্রী নিহত হন। ঘটনার পর থেকে বাসের চালক মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামের শামছুল আলম (৩২) পলাতক। শামছুল আট বছর ধরে ওই বাসটি চালাচ্ছেন। এর আগে তিনি ১০ বছর বাসে চালকের সহকারীর কাজ করেন।
দুর্ঘটনার পরে মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমায়েত উদ্দিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত লোকজনের পরিবারকে ১০ হাজার টাকা করে ও আহত ব্যক্তিদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়।
মাদারীপুর আন্তনগর জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খন্দকার খায়রুল হাসান বলেন, মামলার কারণে শামছুল আলম পালিয়ে আছেন। দ্রুত আদালত থেকে তাঁর জামিনের ব্যবস্থা করা হবে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের মিয়া বলেন, ‘এ মুহূর্তে আমাদের কাছে বাস চালকের ব্যাপারে কোনো তথ্য নেই। তদন্ত করলেই চালকের পরিচয় বেরিয়ে আসবে।’
ইউএনও হেমায়েত উদ্দিন বলেন, দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদন্ত করছে। এ জন্য আলাদা কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।
এদিকে গত শনিবার গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ সাতজন নিহত হন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে বাস চালকের নিয়ন্ত্রণহীনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। এখনো তাঁকে পাওয়া যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিম হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। যেখানে বাস ও মাইক্রোবাসের
দুই চালককে অভিযুক্ত করা হয়েছে। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের কাটাখালী গ্রামের মো. হানিফ (২৮) নিহত হন।
ওসি আরও বলেন, কাশিয়ানীর ব্যাসপুর থেকে গোপালগঞ্জে চলাচলকারী কোনো বাসেরই ফিটনেস নেই। হাইওয়ে পুলিশ বাস ও মাইক্রোবাসের ফিটনেসের বিষয়ে অনুসন্ধান করছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তাহের বলেন, তল্লাশি চালিয়ে বাসের ফিটনেসের কাগজপত্রসহ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। বাসের মালিককে শনাক্ত করার জন্য বিআরটিএকে দায়িত্ব দেওয়া হয়েছে। মালিক শনাক্ত হলেই চালকের সন্ধান পাওয়া যাবে।