মাদারীপুরে চিকিৎসক, পুলিশ, র্যাবসহ নতুন আক্রান্ত ২৯ জন

মাদারীপুরে ১ নারী চিকিৎসক, ৩ পুলিশ সদস্য, ৩ র্যাব সদস্যসহ নতুন করে ২৯ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯৭। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, ১৩ ও ১৪ জুন যাঁরা করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন, তাঁদের মধ্যে ১১৮ জনের ফলাফল প্রতিবেদন আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২৯ জন কোভিড পজিটিভ। নতুন শনাক্ত বিবেচনায় সবচেয়ে বেশি ১১ জন শনাক্ত হয় সদর উপজেলায়। বর্তমানে জেলার মধ্যে সবচেয়ে বেশি ১৬৩ জন শনাক্ত হয়েছেন সদর উপজেলায়। সদরে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের তিন সদস্য ও পুলিশ লাইনসের এক সদস্য রয়েছেন। রাজৈর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক, রাজৈর থানার এক উপপরিদর্শক (বিশেষ শাখা), কনস্টেবলসহ নতুন শনাক্ত হয়েছেন নয়জন। জেলায় করোনা সংক্রমণের হার বিবেচনায় দ্বিতীয় অবস্থানে আছে এই উপজেলা। এখানে বর্তমানে ১৫৬ জন কোভিডে আক্রান্ত রোগী রয়েছেন। এ ছাড়া শিবচর উপজেলায় স্বাস্থ্য বিভাগের এক স্টোর কিপার, এক ইউনিয়ন সচিবসহ নতুন শনাক্ত তিনজন এবং কালকিনি উপজেলায় আরও ছয়জন শনাক্ত হয়েছেন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল প্রথম আলোকে বলেন, করোনার উপসর্গ থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক ১৩ জুন নমুনা দেন। নমুনা দেওয়ার ছয় দিন পর তিনি আজ পজিটিভ রিপোর্ট পেলেন। তিনি যখন নমুনা দেন, তখন খুব অসুস্থ ছিলেন। তাই নমুনা দেওয়ার পর থেকেই তিনি বাড়িতে থাকতেন। এখন তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, ভালো আছেন।
জানতে চাইলে জেলার করোনাবিষয়ক ফোকাল পারসন মো. খালেকুজ্জামান হিমু প্রথম আলোকে বলেন, জেলায় কোভিড-১৯-এ শনাক্ত ব্যক্তিদের মধ্যে এক চিকিৎসক, পুলিশ ও র্যাবের সদস্যরা রয়েছেন। সংক্রমণ যেমন দিন দিন বাড়ছে, তেমনি মানুষ নমুনাও দিতেও হাসপাতালে ভিড় করছেন। পরিস্থিতি কাটিয়ে উঠতে সকলের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা প্রয়োজন।