মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নূরে মোস্তফাকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।নূরে মোস্তফার পরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে ১০-১২ জন সন্ত্রাসী নতুন শহর এলাকায় নূরে মোস্তফার পথরোধ করে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নূরে মোস্তফার শরীরে ধারালো অস্ত্র দিয়ে ১৮ থেকে ২০টি আঘাত করা হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন প্রথমে তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।জেলা ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খানসহ বিএনপির নেতা-কর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখনো আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।