মাদারীপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হাসপাতাল ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে গত রোববার সন্ধ্যায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাদারীপুর সদর হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালের কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা কালোব্যাজ ধারণ করে। এ ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সুষ্ঠু বিচার না হলে আজ মঙ্গলবার হাসপাতালে লাগাতার কর্মবিরতি দিয়েছেন তাঁরা।হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছাত্রলীগের একটি পক্ষ অপর পক্ষকে ধাওয়া করে। এ সময় একটি পক্ষ হাসপাতালের জরুরি বিভাগে আশ্রয় নেয়। এ সময় অপর পক্ষ ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় ও হাসপাতালের কর্মীদের মারধর করে। এতে ছয়জন আহত হয়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করে। এরা হলো জাহাঙ্গীর, রুবেল ও ভাসান।মাদারীপুর সদর থানার উপপরিদর্শক মাসুদ খান জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। মাদারীপুরের সিভিল সার্জন আলমগীর খান জানান, হাসপাতালে ভাঙচুরের ব্যাপারে মাদারীপুর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিতভাবে জানানো হয়েছে।