মাদারীপুরে জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে টাকা দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, তাঁর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র অফিসের কয়েকজন কর্মচারীর কাছে অর্থ দাবি করে। তাঁর কার্যালয়ে কয়েকজনের কাছে ফোন আসে। এ সময় ওই সরকারি মোবাইল নম্বরটি মনিটরে ভেসে ওঠে।
এসব প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকা লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করে দিয়ে জেলা প্রশাসক বলেন, কারও কাছে এ রকম ফোন গেলে তাঁরা যেন আইনের আশ্রয় নেন।