মাদারীপুরে জ্বর-কাশি নিয়ে ইতালিপ্রবাসীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ছালাম খালাশী (৫৭) নামের এক ইতালিপ্রবাসীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে শহরের কলেজ রোড এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান। তিন দিন আগে তাঁর বড় ভাই আবুল হাসান খালাশীও করোনার উপসর্গ নিয়ে মারা যান।

এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন ১৪ জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে পাঁচজনের। বাকিদের রিপোর্ট এখনো আসেনি।

স্থানীয় সূত্র জানায়, ছালাম খালাশী গত মার্চ মাসের প্রথম সপ্তাহে ইতালি থেকে মাদারীপুরের নিজ বাড়িতে আসেন। এক সপ্তাহ ধরে তাঁর শরীরে করোনার উপসর্গ—জ্বর ও কাশি দেখা দেয়। এরপর থেকেই তিনি নিজ বাড়িতে থেকেই প্রাথমিক চিকিৎসা নেন। আজ বেলা পৌনে দুইটার দিকে অসুস্থতা বাড়লে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর পেয়ে জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করেন।

মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন, ‘দুপুরে ছালাম খালাশী নামের এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়ার পরে আমরা তাঁর করোনার নমুনা সংগ্রহ করেছি। তাঁকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য পরিবারের সদস্যদের বলা হয়েছে।’