মাদারীপুরে ট্রলারডুবি, দুটি মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের সিদ্দিকখোলা এলাকায় কুমার নদে ট্রলারডুবির ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন ভানুমতি বালা (৬০) ও ননী বাড়ৈ (৪৫)। তাঁদের বাড়ি সদর উপজেলার কলাগাছিয়া গ্রামে। গত বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় একই গ্রামের সুচিত্রা রানী বাড়ৈ (৬০) নামের এক নারী নিখোঁজ রয়েছেন।
জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার রাত আটটার দিকে সিদ্দিকখোলা এলাকায় কুমার নদে ৭০-৮০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় অধিকাংশ যাত্রী তীরে পৌঁছাতে সক্ষম হন। খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে সাতজনকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভানুমতি বালাকে মৃত ঘোষণা করেন। তিনি সদর উপজেলার কলাগাছিয়া গ্রামের সুখা বালার স্ত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার মোস্তাফাপুর স্লুইস গেট এলাকা থেকে ননী বাড়ৈর মরদেহ পাওয়া যায়।
নিখোঁজ সুচিত্রা রানীর স্বামী মহারাজ বাড়ৈ বলেন, ‘জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে স্ত্রী ও নাতিকে নিয়ে ট্রলারে করে বাড়ি ফিরছিলাম। অন্ধকারের মধ্যে অন্য একটি ট্রলার আমাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে আমাদের ট্রলারটি তলিয়ে যায়। নাতিকে নিয়ে আমি তীরে উঠি। তবে সুচিত্রার সন্ধান পাইনি। ভগবানই জানেন তাঁর ভাগ্যে কী ঘটেছে?’
সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, ট্রলারডুবির ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।