মাদারীপুরে তরুণী গণধর্ষণের শিকার, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর জেলা শহরের বিসিক এলাকায় গত মঙ্গলবার রাতে একটি ফ্ল্যাটে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা যুবলীগের সদস্য আকতার হাওলাদার এবং আনু ভূঁইয়া ও আজাদ। ঘটনার মূল হোতা রুবেল মুন্সী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ওই তরুণী ওই চারজনকে আসামি করে মামলা করেছেন।
ওই তরুণীর বরাত দিয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাসচন্দ্র পাল বলেন, ওই তরুণীর বাড়ি কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নে। চাকরি দেওয়ার কথা বলে মঙ্গলবার সন্ধ্যায় আকতার হাওলাদার রুবেলের মাধ্যমে ওই তরুণীকে শহরের বিসিক এলাকায় জাতীয় পার্টির জেলা শাখার সভাপতি জাকারিয়া অপুর খালি বাসায় আনেন। এরপর সেখানে মদ্যপান করে আকতার ও তাঁর বন্ধু, আজাদ, আনু ভূঁইয়া এবং রুবেল ওই তরুণীকে ধর্ষণ করেন।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু বকর সিদ্দিক বলেন, তরুণীর ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।
জাকারিয়া অপু বলেন, ‘আমি আমার মেয়ের জামাই আমেরিকা যাবে বলে সস্ত্রীক সোমবার ঢাকায় আসি। বাসার নিরাপত্তার জন্য আনু ভূঁইয়াকে দায়িত্ব দিই। তাঁর অবহেলার কারণে এসব ঘটনা ঘটেছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ জেলা যুবলীগের সভাপতি পাভেলুর রহমান বলেন, দোষী প্রমাণিত হলে আকতার হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হবে।