মাদারীপুরে দুই দিনে চারজনের আত্মহনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে গত রবি ও সোমবার কলেজছাত্রীসহ চারজন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে একজন বিষ পান করে ও অন্য তিনজন গলায় ফাঁস লাগিয়েছেন।
গতকাল মঙ্গলবার মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, সদর উপজেলার মস্তফাপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী আজিজুর ব্যাপারীর স্ত্রী লিপি আক্তারের (২৩) লাশ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি সোমবার রাতে আত্মহত্যা করেন। এ ঘটনায় লিপির বাবার বাড়ির সদস্যদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
রাজৈর থানার ওসি কামরুল হাসান বলেন, রাজৈর পৌরসভার পশ্চিম রাজৈর গ্রামের সুমন সরদারের (২১) ঝুলন্ত লাশ বাড়ির পাশের একটি গাছ থেকে গত সোমবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। এদিকে ওই দিন দুপুরে একই উপজেলার নয়ানগর গ্রামের হারাধন বিশ্বাসের (২৭) সঙ্গে পরিবারের সদস্যদের ঝগড়া হয়। পরে হারাধন ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় ফাঁস নেন। পরে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, পারিবারিক কলহের জেরে কালকিনি উপজেলার ডাসার গ্রামের রত্না রানি ঢালী (১৬) গত রোববার রাতে বিষ পান করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সোমবার রাতে সে মারা যায়। সে একাদশ শ্রেণিতে পড়ত।