মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
মাদারীপুরের শিবচর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মহিলা, শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বড় দোয়ালি গ্রামের শিকদারবাড়িতে প্রতিবন্ধী মোমিন শিকদার বাড়ির পাশে দেয়াল তুলতে যান। এ সময় তাঁর প্রতিবেশী ও আত্মীয় দবির শিকদার ওই জায়গা নিজের বলে দাবি করে দেয়াল তুলতে বাধা দেন। বাধা না মানায় একটি হাত না থাকা ৮০ বছর বয়সী প্রতিবন্ধী মোমিনের ওপর দবির শিকদার ও তাঁর আত্মীয় হাবিব শিকদার হামলা করেন। এ সময় তাঁদের আরেক জ্ঞাতি মোবারক শিকদার হামলাকারী দবির ও হাবিবকে প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।সংঘর্ষের সময় ছ্যান, রামদা, টেঁটা, জুতি ও কাতরা নিয়ে এক পক্ষ অপর পক্ষকে হামলা করে। এসময় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত মমিন শিকদার ও রশিদ শিকদারকে ঢাকা এবং লুত্ফর শিকদার ও মোবারক শিকদারকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।