মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আইয়ুব আলী মাদবর নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে বিশরশি গ্রামে এ ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘এ ঘটনায় আইয়ুব আলী মাদবর (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। ঘটনার পর ওই এলাকার আলতাফ মাদবরসহ নয়জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাড়ে বিশরশি গ্রামে মাদবরেরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইলিয়াস মাদবরের সঙ্গে একই এলাকার আলতাফ মাদবরের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ইলিয়াস মাদবর ও আলতাফ মাদবরের সমর্থকদের মধ্যে গতকাল স্থানীয় বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলতাফ মাদবরের লোকজন লাঠি দিয়ে পিটিয়ে আইয়ুব আলীকে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে পাশের পাচ্চর রয়েল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর উভয় পক্ষের সমর্থকেরা এ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর এবং চারটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়।

স্থানীয় মুদি দোকানদার হারুন ব্যাপারী বলেন, ‘এলাকার দলাদলির কারণে আমার দোকানঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে গেছে। আমি এখন পথে বসে গেছি। আমি সরকারের সহযোগিতা চাই।’

সংঘর্ষের ঘটনা জানতে চাইলে আটক আলতাফ মাদবর বলেন, ‘আমার লোকজনকে প্রথমে মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এর বেশি আমি বলতে পারব না।’

ইলিয়াস মাদবর বলেন, ‘আমার লোককে মেরে ফেললে এলাকায় সংঘর্ষ হয়। আলতাফ মাদবরের লোকেরা এর জন্য দায়ী। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’