মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
মাদারীপুর সদর উপজেলায় গত সোমবার পেয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান মোজলেম আকন ও সাবেক চেয়ারম্যান সোবাহান শরীফ পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বেলা দেড়টার দিকে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে মোজলেম আকনের ভাগিনা নূরন্নবী (২৮) প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি পেয়ারপুর গ্রামে। সংঘর্ষে আহত হন আরও প্রায় ২০ জন। তাঁদের মধ্যে আলাউদ্দিন (২৫), ফরহাদ (২৮), সজীব (২২), পলাশ (২৪), সাহেব আলীসহ ১২ জনকে মাদারীপুর সদর হাসপাতাল ও স্থানীয় একাধিক ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মোজলেম আকন ও সোবাহান শরীফ—উভয় পক্ষের লোকজনই আওয়ামী লীগের কর্মী। সংঘর্ষের সময় মান্নান খালাসী ও আক্কাস হাওলাদারের বাড়িঘর ভাঙচুর করা হয়।