মাদারীপুরে দুই মাসে ১৫ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর জেলায় গত দুই মাসে ১৫টি খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া ডাকাতি, ধর্ষণের পর হত্যা ও সংঘর্ষের অনেক ঘটনায় তিন শতাধিক ব্যক্তি, পাঁচজন উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের ১০ জন সদস্য আহত হয়েছে। দায়িত্ব পালনকালে লাঞ্ছিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল মাদারীপুর শহরের কুলপদ্বী এলাকায় মামা লিটন তায়ানী (২৮) ধারালো অস্ত্রের আঘাতে আহত ও পরের দিন হাসপাতালে মৃত্যুবরণ করেন। ৮ এপ্রিল কালকিনি উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বর্ণা খানম নামের আহত কলেজছাত্রী এক সপ্তাহ পর মারা যায়। ৯ এপ্রিল রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের গোয়ালবাথান এলাকার ধানখেত থেকে অজ্ঞাতনামা এক যুবতীর (২০) লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, ধর্ষণ শেষে মেয়েটিকে হত্যা করা হয়েছে। ১০ এপ্রিল কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার হাকিমন নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের পাশের খাল থেকে টিপু ঘরামি (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়ার তিন দিন পর ১১ এপ্রিল সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের মধ্য করদী গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে খাদিজা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। তাকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।২৪ এপ্রিল সদর উপজেলার ঘটকচর এলাকায় পানিতে ডুবিয়ে মা জাহানারা বেগম হত্যা করেছে লামিয়া (৭) নামে তার শিশুকন্যাকে। ২৯ এপ্রিল শিবচরের চরাঞ্চলে এক নারী বাউলশিল্পী গণধর্ষণের শিকার হন। ৩০ এপ্রিল সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পূর্ব খৈয়ারভাঙ্গা গ্রামে সূর্য বিবিকে (৩৫) ধারালো বঁটি দিয়ে জবাই করে হত্যা করে স্বামী। এর আগে ১ মার্চ শিবচর উপজেলার বন্দরখোলা বাজারে ডাকাতির সময় বাধা দিলে ডাকাতদের হামলায় খুন হন নৈশপ্রহরী জয়নাল হাওলাদার (২৪)। ৫ মার্চ কালকিনিতে জেসমিন বেগম (৩২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ১২ মার্চ রাতে রাজৈর উপজেলায় ইশিবপুর ইউনিয়নের দক্ষিণ আড়াইপাড়া গ্রামে ডাকাতিকালে গৃহবধূকে (৩২) ধর্ষণ করে ডাকাত দল। ১৩ মার্চ রাজৈর উপজেলার চরমস্তফাপুর গ্রামে গোপাল সরকার (৪০) খুন হন। ১৪ মার্চ শিবচর উপজেলার চর কাঁঠালবাড়ি এলাকার পদ্মার পার থেকে রিপন শেখ নামে এক যুবকের (২৭) লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে ১৩ মাস বয়সী ইয়াদুল শেখ নামের এক শিশু নৃশংসভাবে খুন হয়। কালকিনি উপজেলার পূর্ব শিকারমঙ্গল গ্রামে খুন হন গৃহবধূ ইতি (১৯)। ২২ মার্চ সদর উপজেলার মস্তফাপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে সেরজন হোসেন খুন হন। ২৪ মার্চ কালকিনি উপজেলার দাসকান্দি গ্রামে দাদন ব্যবসায়ী কালাম সরদারকে মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা।৩১ মার্চ সরকারি নাজিমউদ্দিন কলেজ ছাত্র-ছাত্রী সংসদ নির্বাচন নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছিত হন এএসপি নাহিদুল ইসলাম। ২৫ এপ্রিল রাজৈরের পাইকপাড়ায় জমিসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের পাঁচ এসআইসহ ১০ পুলিশ সদস্য আহত হয়।মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) সরদার তমিজউদ্দিন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।