মাদারীপুরে ধর্ষণের শিকার ছাত্রীর জবানবন্দি গ্রহণ
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মুখ্য বিচারিক হাকিম ফৌজিয়া হাফছার আদালতে সে জবানবন্দি দেয়।
এদিকে মামলা প্রত্যাহারের জন্য বাদীপক্ষ চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুলছাত্রীর বাবার অভিযোগ, তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের পরিদর্শক মো. শাজাহান মিয়া প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার অষ্টম শ্রেণির ওই ছাত্রীর দেওয়া জবানবন্দির ভিত্তিতে মামলার প্রধান আসামির নাম রেকর্ড করেন আদালত।
এদিকে ওই স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে ধর্ষণ করেও ক্ষান্ত হয়নি। চিকিৎসাসেবা নিতে না দেওয়ার পাশাপাশি মামলা করায় এখন হত্যার হুমকি দিচ্ছে। আমি বাড়িঘরে থাকতে পারছি না। এলাকার লোকজন নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মীমাংসার চেষ্টা চালাচ্ছেন প্রধান আসামির লোকজন। মামলা তুলে নিতে নানাভাবে চাপ দিচ্ছেন। আমি পুলিশ-প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
কালকিনি থানা সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে (১৪) রমজানপুর ইউনিয়ন যুবলীগের এক নেতা (৩০) প্রায়ই বিদ্যালয়ে যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। এর জেরে ১২ মার্চ রাতে ওই নেতা তিনজন সহযোগী নিয়ে ওই ছাত্রীকে তুলে নিয়ে যান। পরে পাশের একটি বাগানের পরিত্যক্ত ঘরে ধর্ষণ করে ফেলে রেখে যান। পরে স্বজনেরা ছাত্রীকে উদ্ধার করে বাড়ি আনেন। কিন্তু পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। পরে পরিবারে সদস্যরা রাতের আঁধারে পালিয়ে ছাত্রীকে ঢাকায় নিয়ে যান। তাকে গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে গত রোববার রাতে কালকিনি থানা-পুলিশ তাকে কালকিনিতে নিয়ে আসে।
কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা বলেন, গত বৃহস্পতিবার ছাত্রীর বাবা বাদী হয়ে যুবলীগের ওই নেতা ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রীর বাবাকে হত্যার হুমকির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।