মাদারীপুরে পুলিশসহ ২৩ জনের করোনা শনাক্ত

মাদারীপুরে শুক্রবার নতুন করে ২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ২৯৩। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৭ জন স্বাস্থ্য বিভাগের; পুলিশের ১৭ জন।
পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, ২৪ ঘণ্টায় জেলার ৯৫ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ২৩ জনের প্রতিবেদন ‘পজিটিভ’ আসে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলারই ১২ জন। তাঁদের মধ্যে রয়েছেন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কয়েক দিন আগে মারা যাওয়া একজন। এ ছাড়া সদর থানার এক পুলিশসদস্য, একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের দুজন কর্মকর্তা রয়েছেন। রাজৈর উপজেলায় নতুন আরও ৭ জন এবং শিবচর উপজেলায় এক পুলিশ সদস্য ও উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন স্বাস্থ্যকর্মীসহ ৪ জন শনাক্ত হয়েছেন।
মাদারীপুরে গত ৮ মার্চ প্রথম একজনের করোনা শনাক্ত হয়। এরপরের দুই মাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল ৫০ জন। তৃতীয় মাসে তা বেড়ে হয় ১০০। গত দুই সপ্তাহে শনাক্ত হয়েছেন ১৭০ জন। আর গত এক সপ্তাহে শনাক্ত ৯৭ জন।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহাম্মেদ প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় ২৪২টিসহ জেলায় মোট ৩ হাজার ৭৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে ৩ হাজার ২১৩ জনের নমুনার ফল পাওয়া গেছে। এ পর্যন্ত সদর উপজেলায় ৯৬ জন, শিবচরে ৪৭, কালকিনিতে ৬০ ও রাজৈর ৯০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। মোট ১০৫ জন সুস্থ হয়েছেন।
জেলা সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এখন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। রোগী দিন দিন বাড়ছে। রোগী সংখ্যা আরও বাড়লে নিয়ন্ত্রণ করা সবার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। সংক্রমণ রোধে আমাদের প্রত্যেকের স্বাস্থ্য বিধি মেনে চলা একান্ত জরুরি।’