মাদারীপুরে বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ ও কুমার নদের পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপে গতকাল মঙ্গলবার বাঁধ ভেঙে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে সদর উপজেলার রাজারহাট-শ্রীনদী নদীরক্ষা বাঁধের চরঘুনসী এলাকার প্রায় ২০০ মিটারের মতো জায়গা ভেঙে যায়। এতে সদর উপজেলা আলমমীরকান্দি, চরঘুনসী, পশ্চিম মাঠ, রায়েরকান্দি শ্রীনদী এবং রাজৈর উপজেলার হাসানকান্দি, শাখারপাড়, সাতবাড়ি, ইশিবপুর, লুন্দী, সোনাপাড়া, গোয়ালদি, আড়াইপাড়া ও ভারুয়াপাড়াসহ ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার অসংখ্য পুকুরের মাছ ভেসে গেছে এবং জেলা সদরের সঙ্গে সাতটি ইউনিয়নের সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভাঙনকবলিত এলাকার বাসিন্দা সামসুদ্দিন মুন্সি জানান, ভেঙে যাওয়া অংশ দ্রুত সংস্কার না করলে বেড়িবাঁধটি ক্ষতিগ্রস্ত হবে।মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী গৌরপদ সূত্রধর জানান, গত মঙ্গলবার সকালে আড়িয়াল খাঁ নদের পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে গ্রামগুলো প্লাবিত হয়েছে।