মাদারীপুরে বাসের ধাক্কায় টমটমের ৩ যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের সমাদ্দারে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বেবিট্যাক্সির (টমটম) তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার ব্রিজের পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টমটমের চালক মাদারীপুর সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের শিমুল মাতুব্বর ও তাঁর সঙ্গে থাকা ১২ বছর বয়সী হাসান নামের এক কিশোর মারা যায়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় পাশের দত্তেরহাট গ্রামের বায়েজিদ নামে অপর এক কিশোরকে রাজৈর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন, তবে তাঁকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানায় মামলা হবে বলেও জানান তিনি।