মাদারীপুরে ব্যবসায়ীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসী গ্রামে গতকাল রোববার ফলের ব্যবসায়ী দুলাল মোল্লাকে (৫৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।দুলালের বড় ভাই শাহজাহান মোল্লা প্রথম আলোকে জানান, চাঁদা দিতে রাজি না হওয়ায় দুই মাস আগে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্যরা দুলালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুলাল আহত হন। এলাকাবাসীর ধাওয়া খেয়ে তখন চরমপন্থীরা পালিয়ে যায়।শাহজাহান জানান, গতকাল সকাল সাড়ে ছয়টার দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন দুলাল। ঘুনসী হাইস্কুলের কাছে পৌঁছালে ওত পেতে থাকা চরমপন্থী সন্ত্রাসীরা দুলালকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে পালিয়ে যায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকে লাগে। আশঙ্কাজনক অবস্থায় লোকজন তাঁকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুলালের মৃত্যু হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সর্দার জানান, শিরখাড়া-ঘুনসী গ্রামে চরমপন্থীদের দুটি পক্ষের মধ্যে বিবাদ আছে। এর জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।ঈশ্বরদীতে চালক খুন ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, গত শনিবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের চরকদিমপাড়া থেকে মো. রানা (২৫) নামের এক ভটভটি চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার প্রতিবাদে ঈশ্বরদীর শতাধিক ভটভটির চালক গতকাল সকালে বিক্ষোভ মিছিল করেছেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চরকদিমপাড়া গ্রামের রানা গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে ভটভটি নিয়ে বের হন। রাতে পাশের আওতাপাড়া গ্রামের রবিউলসহ তিন-চার যুবক রানার ভটভটিতে চড়েন। একপর্যায়ে তাঁরা ভটভটিটি ছিনিয়ে রানাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে লাশ চরকদিমপাড়া গ্রামের লিচুবাগানে হলুদ খেতের ভেতরে ফেলে রাখে। শনিবার বিকেলে পুলিশ গলাকাটা লাশ উদ্ধার করে।এলাকাবাসী রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খান প্রথম আলোকে জানান, রবিউলের বিরুদ্ধে অনেক অপকর্মের অভিযোগ রয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।