মাদারীপুরে ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যু!
মাদারীপুরের রাজৈর উপজেলার একটি ক্লিনিকে শনিবার রাতে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আত্মীয়স্বজন গতকাল রোববার সকালে ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার নাগরদী গ্রামের প্রসূতি কণিকা রানী বিশ্বাসকে শনিবার বিকেলে টেকেরহাট সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি করা হয়। পরে চিকিৎসক অপূর্ব কুমার মল্লিক ও ক্লিনিকের মালিক এমদাদুল হক বয়াতি কণিকার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পরপরই কণিকার নবজাতক মারা যায়। একই রাতে ক্লিনিকে ভর্তি করা হয় পশ্চিম রাজৈর গ্রামের প্রসূতি শিউলী বেগমকে। রাত নয়টার দিকে চিকিৎসক নাসিরউদ্দিনের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে এক শিশুর জন্ম হয়। রাত তিনটার দিকে ওই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। বাবলি নামের এক আয়া সেন্ট্রাল ক্লিনিকের মালিক এমদাদুল হককে মুঠোফোনে বিষয়টি জানান। ক্লিনিকের মালিক বাবলিকে একটি ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন। ইনজেকশন দেওয়ার পর নবজাতকের মৃত্যু হয়।ক্লিনিকের চিকিৎসক নাসিরউদ্দিন বলেন, অস্ত্রোপচারের পর প্রসূতি শিউলী ও তাঁর নবজাতক সম্পূর্ণ সুস্থ ছিল। পরে কীভাবে নবজাতকের মৃত্যু হলো, তা তাঁর জানা নেই। দুই নবজাতকের মৃত্যুর খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) মশিউর রহমান সেন্ট্রাল ক্লিনিক পরিদর্শন করেন।