মাদারীপুরে মাইক্রোবাস দোকানে ঢুকে প্রাণ গেল এক শিশুর

মাদারীপুরের কালকিনি উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক দোকানে ঢুকে পড়ায় প্রাণ গেল এক শিশুর। এ ঘটনায় অপর এক শিশু আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার বিকেলে চারটার দিকে উপজেলার ডাসার থানার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শিশু হলো কর্ণপাড়া এলাকার রুহুল শরীফের মেয়ে সুবর্ণা আক্তার (৯)। হাসপাতালে চিকিৎসাধীন শিশুর নাম ইমা আক্তার (১১)। তার বাবার নাম এমারাত তালুকদার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস কর্ণপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে পণ্যবাহী একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানের ভেতরে ঢুকে যায়। এ সময় দোকানে থাকা দুই শিশুর মধ্যে সুবর্ণা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় ইমাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে ঢাকা-বরিশাল মহাসড়কের দুপাশে দুই কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিকেল পাঁচটার দিকে যানচলাচল স্বাভাবিক করে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব বলেন, ময়নাতদন্তের জন্য নিহত শিশুর মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।