মাদারীপুরে মাছবোঝাই ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ও সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত

মাদারীপুর ও সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুই ট্রাকের চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে।
মাদারীপুরের রাজৈর উপজেলায় মাছবোঝাই একটি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে এর চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী। আজ সকালে উপজেলার নয়াকান্দি খাদ্যগুদাম এলাকায় টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম সাইদুল ফকির (৩৮)। তিনি মাদারীপুর সদর থানার থানতলী এলাকার সমেদ ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী মাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন ট্রাকের চালক ও তাঁর সহকারী। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। আহত চালকের সহকারীকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সহকারীর নাম জানাতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল হক সরদার।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাকের সঙ্গে পেছন দিক থেকে অপর ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পেছনের মালবাহী ট্রাকের চালক নিহত হন।
নিহত চালকের নাম শামীম হোসেন (২৮)। তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শামসুল আলমের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ আলম জানান, বৈদ্যুতিক খুঁটিবাহী ও অপর একটি মালবাহী ট্রাক ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। দুটি ট্রাক ঝাঐল ওভারব্রিজের কাছে এলে পেছনে থাকা মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাকের পেছন দিকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা বৈদ্যুতিক খুঁটি পেছনের মালবাহী ট্রাকের আসনে বসা চালকের বরাবর সজোরে আঘাত করে। গুরুতর আহত ট্রাকচালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি জানান, থানা-পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মালবাহী ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে নেয়। বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাকটিকে আটক করা যায়নি।